Corporate Sangbad
কর্পোরেট

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন ·

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে বুধবার (১ জুলাই) ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।  অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
 
মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। রেমিট্যান্স গ্রাহকগণও নির্বিঘ্নে সেবা গ্রহণ করছেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাঁদের অধিকাংশই ইতোমধ্যে ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে এসেছেন। এই স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন আমাদের প্রতি তাঁদের দীর্ঘদিনের বিশ্বাসেরই সুস্পষ্ট প্রতিফলন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক একটি শক্তিশালী, স্থিতিশীল ও সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠান। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিরলস কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।