ব্যাংক হলিডে উপলক্ষে আজ ১ জুলাই দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে দেশের দুই পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনও বন্ধ আছে। তবে ব্যাংক ও পুঁজিবাজারে সীমিত পরিসরে দাফতরিক কার্যক্রম চলবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। বার্ষিক আর্থিক হিসাব-নিকাশ ও প্রতিবেদন চূড়ান্ত করার সুবিধার্থে এই দুই দিন নির্ধারণ করা হয়েছে।
এ কারণে অর্থবছরের প্রথম দিন ১ জুলাই দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা হয় না। তবে প্রধান কার্যালয় ও প্রয়োজনীয় কিছু শাখা খোলা থাকে, যেখানে ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব-নিকাশ ও দাফতরিক কার্যক্রম পরিচালিত হয়।
নীতিমালা অনুযায়ী, ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করে না। তবে এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত সীমার মধ্যে অর্থ উত্তোলন ও কিছু সেবা গ্রহণ করা যাবে।
অন্যদিকে, পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার অর্থ ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় ব্যাংক হলিডেতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো ধরনের শেয়ার লেনদেন হয় না। তবে উভয় স্টক এক্সচেঞ্জে দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।