Corporate Sangbad
কর্পোরেট

বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন ·

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা। সোমবার (২৯ জুন) ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের ডিজিটাল ও আর্থিক ˆবষম্য কমাতে এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রুপান্তরের যাত্রাকে ত্বরান্বিত করতে নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। ফাবেলার নেতৃত্বে ভিওনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে আরও ছিলেন ভিওন-এর পরিচালনা পর্ষদের সদস্য মিশিয়েল সোয়েটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

ˆবঠকে বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক সেবাব্যবস্থা (ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম) গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে ভিওন। বৈশ্বিক ফিনটেক খাতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবাবঞ্চিত কোটি মানুষের কাছে সহজলভ্য ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ (মাইক্রোফাইন্যান্স) ও ক্ষুদ্র বিমা (মাইক্রো-ইনস্যুরেন্স) সেবা পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

দেশে ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হওয়ার পাশাপাশি ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে, যা সবার জন্য আরও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে সহায়তা করবে।

এ ছাড়া ˆবঠকে নিজেদের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের রূপরেখা তুলে ধরে নাসডাক-তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। বাংলাদেশ সরকার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্টে সহায়তার অঙ্গীকার করা হয়| এ ক্ষেত্রে ভিওন প্রধান বিনিয়োগকারী (অ্যাংকর ইনভেস্টর) হিসেবে শুরুতেই ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুত দিয়েছে।

প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হবে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তি| নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের ˆবশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগাবে ভিওন।

ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা বলেন, ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদার। "ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ" উদ্যোগের মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া কর্মসূচিতে প্রধান বিনিয়োগকারী হিসেবে কাজ করতে প্রস্তুত ভিওন| নিজেদের বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদেরও বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা সক্রিয়ভাবে কাজ করব। সরকারের ডিজিটাল ও আর্থিক রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারিত্বের মাধ্যমে এ যাত্রায় পাশে থাকতে প্রস্তুত।


বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে বলেন, ‘বাংলাদেশের নিজস্ব ডিজিটাল অপারেটর হিসেবে দেশের ডিজিটাল ও আর্থিক রূপান্তরের যাত্রায় সরকারের অংশীদার হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল ফোনসেবা সাধারণ মানুষের নাগালের আওতায় আনার মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এখন ধারাবাহিক বিনিয়োগ, উদ্ভাবন ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে কার্যকর ডিজিটাল ও আর্থিক সেবা পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং সবার জন্য আরও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে অবদান রাখা সম্ভব হবে।

আগামী দিনে বাংলাদেশে নিজেদের ডিজিটাল কার্যক্রমের পরিসর আরও বিস্তৃত করতে আগ্রহী ভিওন ও বাংলালিংক। এ জন্য ডিজিটাল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, রাইড শেয়ারিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির মতো উন্নত সংযোগসেবাসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা যাচাই করছে প্রতিষ্ঠানটি।