Corporate Sangbad
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন ·

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ নবনিযুক্ত নির্বাহী ও কর্মকর্তাদের দিনব্যাপী ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, নৈতিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক আদর্শ অনুসরণ, সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং উদ্ভাবনী ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, প্রিন্সিপাল অফিসার মোঃ শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ৪৫ জন নবনিযুক্ত নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, পেশাগত নৈতিকতা, কমপ্লায়েন্স, মানি লন্ডারিং প্রতিরোধ, ডিজিটাল ব্যাংকিং এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।