Corporate Sangbad
বিনোদন

ঢাকায় আসছেন আতিফ আসলাম

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্টটি হতে যাচ্ছে। শুধু তা-ই নয়, প্রতিশ্রুতি অনুযায়ী পূর্বের টিকিটধারীদের কাছে নতুন টিকিটও পৌঁছে যাবে। আগামী ২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন আতিফ। পূর্বের টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিতসংখ্যক নতুন টিকিট বিক্রি করা হবে।

টিকিট বিক্রির তারিখ, ক্যাটাগরি, মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিলো। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলো, টিকিট বিক্রি চলছিলো পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। তখন মেইন স্টেজ জানিয়েছিলো, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।

কনসার্টটি স্থগিত হওয়ার পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন আতিফ। ফেসবুকে আতিফ জানান, কনসার্টটি করতে নতুন তারিখে শিগগির ঢাকায় আসবেন তিনি। পুরোনো টিকিটেই কনসার্টটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।