বিশ্বে মাছ চাষে শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। একই সাথে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশের অবস্থানও ধরে রেখেছে বাংলাদেশ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই গৌরবময় তথ্য উঠে এসেছে।
সংস্থার ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২৬’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে মৎস্য ও মৎস্যচাষ খাতে মোট উৎপাদন রেকর্ড ২৩ কোটি ৫০ লাখ টনে পৌঁছেছে। এর মধ্যে জলজ প্রাণীর উৎপাদন ছিল ১৯ কোটি ৫০ লাখ টন এবং শৈবালের উৎপাদন ৪ কোটি টন; যা ২০২২ সালের তুলনায় ৫.২ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে মাছ উৎপাদনে এখনো একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে এশিয়া। বৈশ্বিক উৎপাদনের ৭৬ শতাংশই আসে এই অঞ্চল থেকে। এরপর রয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (৮%), ইউরোপ (৭%), আফ্রিকা (৬%), উত্তর আমেরিকা (২%) এবং ওশেনিয়া (১%)।
২০২৪ সালে জলজ প্রাণীর উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১৯ কোটি ৫০ লাখ টনে পৌঁছায়, যার আনুমানিক প্রাথমিক বিক্রয়মূল্য প্রায় ৫৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। এই মোট উৎপাদনের ৫৩ শতাংশ এসেছে মৎস্যচাষ থেকে এবং ৪৭ শতাংশ উন্মুক্ত জলাশয়ের মৎস্য আহরণ থেকে। ভৌগোলিক দিক থেকে মোট জলজ প্রাণী উৎপাদনের ৬১ শতাংশ (১১ কোটি ৮০ লাখ টন) এসেছে সামুদ্রিক অঞ্চল থেকে এবং বাকি ৩৯ শতাংশ (৭ কোটি ৭০ লাখ টন) এসেছে অভ্যন্তরীণ জলাশয় থেকে।
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে ২০২৪ সালে ২২ লাখ টন উৎপাদন নিয়ে শীর্ষে ছিল ভারত। আর ১৪ লাখ টন উৎপাদন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে মৎস্যচাষ খাতে উৎপাদন রেকর্ড ১৪ কোটি ২০ লাখ টনে পৌঁছেছে, যার আনুমানিক মূল্য ৩৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশ হলো— চীন, ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশ। বৈশ্বিক মোট উৎপাদনের ৮৪ শতাংশই উৎপাদন করেছে এই পাঁচ দেশ।
একক দেশ হিসেবে বিশ্বে মাছ চাষে শীর্ষে রয়েছে চীন। দেশটি একাই বৈশ্বিক উৎপাদনের ৫৬ শতাংশ জোগান দিয়েছে। এরপর যথাক্রমে রয়েছে ভারত (১২%), ইন্দোনেশিয়া (৬%), ভিয়েতনাম (৫%) এবং বাংলাদেশ (৩%)।
চাষ করা জলজ প্রাণীর প্রায় দুই-তৃতীয়াংশই অভ্যন্তরীণ জলাশয়ে চাষ করা হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশই ছিল পাখনাযুক্ত মাছ, ৯ শতাংশ খোলসযুক্ত জলজ প্রাণী এবং বাকি অংশ ছিল জলজ কচ্ছপ, ব্যাঙ ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী।