পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৩ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল। বছরের ব্যাবধানে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ।
সর্বশেষ বছরে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ১৮ টাকা ৭৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১৯ টাকা ০৪ পয়সা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ চূড়ান্ত করা হয়নি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। তবে লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট ।