Corporate Sangbad
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ৩:১২ অপরাহ্ন ·

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্টারমার বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তার প্রতিটির পেছনে ছিল দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার লক্ষ্য। তিনি বলেন, আমি যে দেশকে ভালোবাসি, তার স্বার্থকে সবার আগে রাখতেই সব সিদ্ধান্ত নিয়েছি। খবর বিবিসির। 

বক্তব্যে স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার স্ত্রী সবসময় শক্ত ভিত্তি হিসেবে পাশে ছিলেন। 

একইসঙ্গে তিনি তার সন্তানদের উল্লেখ করে বলেন, আমি আমার সুন্দর সন্তানদের জন্য একজন সেরা বাবা হতে চাই। তারা আমার গর্ব ও আনন্দ।

এদিকে, স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা গ্রেটার ম্যানচেস্টরের মেয়র অ্যান্ডি বার্নহাম আজ ওয়েস্টমিনস্টারে পৌঁছাবেন। সম্প্রতি মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

স্টারমারের পদত্যাগের ফলে ক্ষমতাসীন লেবার পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে এক বিশাল জয়ের মাধ্যমে যুক্তরাজ্যের বিশৃঙ্খল রাজনীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। কিন্তু, দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগের কারণে তার সেই প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ওপর গত কয়েক মাস ধরেই পদত্যাগের চাপ বাড়ছিল। গত শুক্রবার সেই চাপ আরও তীব্র হয়, যখন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম একটি পার্লামেন্টারি উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে হাউজ অব কমন্সে ফিরে আসেন।

বার্নহামের এই জয় লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দলটির অনেকেরই বিশ্বাস, স্টারমারের অধীনে ক্রমাগত সমর্থন হারাতে থাকা লেবার পার্টিকে বাগ্মী হিসেবে পরিচিত বার্নহামই আবার টেনে তুলতে পারেন।