Corporate Sangbad
বিনোদন

প্রতারণার দায়ে গ্রেপ্তার বিটিএল সিইও: নাম জড়ানোয় ক্ষুব্ধ চিত্রনায়িকা ববি

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন · বিনোদন ডেস্ক

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নিজেকে বাশারের স্ত্রী হিসেবে দাবি করা বিভিন্ন সংবাদ ও প্রচারণায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শনিবার (২০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ববি বলেন, "বিকেল থেকে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে অত্যন্ত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। কোথাও আমাকে ‘কথিত স্ত্রী’, আবার কোথাও সরাসরি ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে—যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।"

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিনেত্রী অভিযোগ করেন, ভিউ পাওয়ার লোভে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ববি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা তার অনুমতি ছাড়া এমন ভিত্তিহীন তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে তিনি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, "ব্যক্তিগত জীবনে আমি যদি কখনো বিয়ের সিদ্ধান্ত নিই, তবে সেটি অবশ্যই আমি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাব।"

কে এই মির্জা আবুল বাশার? এর আগে শনিবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আল আমিন হোসাইন জানান, চাকরির প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি ও কোরবানির পশু কেনাবেচার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার এড়াতে বাশার ওই বাসার ভেতরে একটি সুড়ঙ্গসদৃশ গোপন স্থানে লুকিয়ে ছিলেন। প্রায় ১৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ইয়ামিন হক ববিকে সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায় দেখা গেছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।