ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের
স্থানীয় মসজিদের ইমামকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে এ ঘটনাটি ঘটে।
আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোজাম্মেল হোসেনের ছেলে ও ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদের ইমাম।
ভিকটিম মেয়েটির বাবা কাজের সুবাদে ওই এলাকার একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে তিন মাস ধরে পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে গিয়ে মসজিদের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে ডাকেন।
এলাকাবাসী এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানা হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।