কোডি গাকপো এবং ব্রায়ান ব্রবের জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। হিউস্টনের প্রাণকেন্দ্রে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে দুর্দান্ত জয়ের মাধ্যমে ডাচরা জানান দিল, এবারের শিরোপা দৌড়ে তারা কতটা শক্তিশালী। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও, এই জয়ে নকআউট পর্বের দুয়ারে পৌঁছে গেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
টুর্নামেন্টে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন সান্ডারল্যান্ডের স্ট্রাইকার ব্রায়ান ব্রবে। ম্যাচের মাত্র ৫ মিনিটে লিভারপুলের তারকা কোডি গাকপোর সহায়তায় গোল করে ডাচদের শুভসূচনা এনে দেন তিনি। এর ১২ মিনিট পর ডেনজেল ডামফ্রাইসের ডিফ্লেক্টেড ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ২-০ করেন এই স্ট্রাইকার। গত তিন বছরে জাতীয় দলের হয়ে মাত্র একটি গোল করা ব্রবে এ ম্যাচে নিজের ফর্মের চূড়ায় ছিলেন।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্থের শুরুতেই সুইডেনের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। ৪৮ মিনিটে ডামফ্রাইসের নিচু ক্রস থেকে কোডি গাকপো গোল করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের ৫৪ মিনিটে গাকপো নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করলে ডাচদের জয় নিশ্চিত হয়ে যায়। যদিও ৫৯ মিনিটে নটিংহাম ফরেস্টের উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করেন, তবে ম্যাচের শেষ দিকে ওয়েস্ট হ্যামের ক্রিসেনসিও সামারভিল গোল করে ৫-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন।
ম্যাচজুড়ে সুইডেনের তারকাখচিত আক্রমণভাগ—আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস—ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রাগেনের দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছেন। সুইডিশ কোচ গ্রাহাম পটারের পরিকল্পনা ডামফ্রাইস ও ডোনিয়েল মালেনের গতির কাছে কার্যত হার মানে। প্রথমার্ধে ইয়াসিন আয়ারি ও গিওকেরেস গোল করার মতো ভালো কিছু সুযোগ পেলেও ডাচ গোলরক্ষকের দক্ষতায় সুইডেন ব্যবধান কমাতে ব্যর্থ হয়।
এই জয়ে গ্রুপ ‘এফ’-এ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সরাসরি উপস্থিতিতে স্টেডিয়ামে ডাচ সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। পরবর্তী ম্যাচে সুইডেন মুখোমুখি হবে জাপানের, আর নেদারল্যান্ডস লড়বে তিউনিসিয়ার বিপক্ষে।