সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত প্রায় দুই সপ্তাহ ধরে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিন গড়ে ২০ জনের বেশি রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির জানিয়েছেন, শুক্রবার (১৯ জুন) সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে দুইজন। এ নিয়ে জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ জনে।
এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।
দৈনিক প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, ৭ জুন পর্যন্ত জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৭ জন। এরপর ১৯ জুন পর্যন্ত ১২ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৪৪ জন। ফলে এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে নতুন ভর্তির সংখ্যা যথাক্রমে ১৭ জুন ২৪ জন, ১৮ জুন ২৯ জন, ১৯ জুন ১৯ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ জন।
বর্তমানে আক্রান্ত রোগীরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক হাম রোগী ভর্তির প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।