Corporate Sangbad
সারাদেশ

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে নিজ ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৭ জুন) ওই গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘ঘরের দু'টি কক্ষের একটিতে মা এবং অন্যটিতে স্ত্রী-সন্তান নিয়ে আমি থাকি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ৮ জন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে আমার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। এ সময় আমার স্ত্রী ফেরাতে গেলে দুর্বৃত্তরা তাকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায় এবং বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে স্বজনেরা টের পেয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।’

ওই নারীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি অসহায়। আমার স্বামী মইরা গেছে। মাইয়াডারে লইয়া থাকতাম। যারা আমার মাইয়াডার সর্বনাশ করছে, তাদের কঠিন বিচার চাই।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার শিকার নারীকে ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় অভিযোগ পেয়েছি।’ মামলা প্রক্রিধীন বলে জানান তিনি।
ভুক্তভোগী নারী এক সন্তানের জননী। এ ঘটনায় বুধবার তার মা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।