করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রথমবারের মতো ‘চার্টার্ড সেক্রেটারি ডে-২০২৬’ উদযাপন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। একই সঙ্গে দেশে করপোরেট সুশাসন জোরদারে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আইসিএসবির প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস র্যালির শুরুতে বলেন, "২০১০ সালের ১৬ জুন চার্টার্ড সেক্রেটারিজ আইন প্রণয়নের মাধ্যমে দেশে এই পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই এবার প্রথমবারের মতো 'চার্টার্ড সেক্রেটারি ডে' উদযাপন করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি বছরই এই দিনে দিবসটি পালনের পরিকল্পনা রয়েছে আমাদের।"
তিনি আরও বলেন, করপোরেট সুশাসন ও ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করাই চার্টার্ড সেক্রেটারিদের মূল দায়িত্ব। সরকার, পেশাজীবী ও বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে দেশের সুশাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের দুটি ক্যাম্পাসে একযোগে এই দিবসটি উদযাপিত হচ্ছে।
এদিকে দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আলোচনা সভা, আনুষ্ঠানিক কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া করপোরেট ব্যক্তিত্ব ও পেশাজীবীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে রেগুলেটরি কমপ্লায়েন্স, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিতে চার্টার্ড সেক্রেটারিদের ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরীসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালে জাতীয় সংসদে চার্টার্ড সেক্রেটারিজ আইন পাসের মাধ্যমে দেশে এই পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। ১৬ বছর আগের সেই ঐতিহাসিক মাইলফলককে কেন্দ্র করেই এই বছর থেকে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় আইসিএসবি।