কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জে দায়ের হওয়া দুটি মানহানি মামলায় আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন। রোববার (১৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক সুমন কর্মকার তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন আদেশ প্রদান করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে আমির হামজার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল। সিরাজগঞ্জ জেলা আইনজীবী বারের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।
এর আগে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল।
আজ সংসদ সদস্যের আদালতে হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।