Corporate Sangbad
সারাদেশ

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১০০ শিশু।

শনিবার (১৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ জুন সন্ধ্যা সাড়ে সাতটার পর কিশোরগঞ্জের ইটনা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে হামের উপসর্গসহ সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া, বাম পাশের ফুসফুসের আবরণীর (প্লুরা) মধ্যে অস্বাভাবিকভাবে তরল জমা হওয়ায় শিশুটি মারা যায়।

তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৯১২ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।