নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে করপোরেট নেতৃত্ব সমৃদ্ধকরণ এবং সুশাসন নিশ্চিতকরণের প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে “উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটি (জিআইএলসি)-এর উদ্যোগে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনেএ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সম্মেলনে পেশাজীবী নারীদের পাশাপাশি নীতি নির্ধারক, করপোরেট নেতৃত্ব, পর্বতারোহী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
“উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬” মূলত আইসিএবি’র করপোরেট খাতে নারী নেতৃত্বের বিকাশ ও সুশাসনে নারীদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতে আইসিএবি’র অঙ্গীকারের প্রতিফলন। সম্মেলনে আইসিএবি’র কাউন্সিল সদস্য ও জিআইএলসি-এর চেয়ারপারসন জেরীন মাহমুদ হোসেন এফসিএ বলেন, “অংশীদারিত্ব শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলে। অভিন্ন লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে কী ধরনের সম্ভাবনার সৃষ্টি হতে পারে- এ সম্মেলন তারই একটি উজ্জ্বল উদাহরণ।”
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান, এমপি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং করপোরেট নেতৃত্ব ও পরিচালনা পর্ষদে নারীদের আরও বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আইসিএবি’র প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এবং ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত এফসিএ তাদের বক্তব্যে নেতৃত্ব ও সুশাসন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে আইসিএবি’র অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে এ সংক্রান্ত অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রথম নারী প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আখতার সানজিদা কাসেম এফসিএ, এফসিএমএ। তিনি আইসিএবি জেন্ডার ড্যাশবোর্ড এবং ‘উইমেন অন বোর্ডস’ জরিপের তথ্য উপস্থাপন করে এ ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। “প্রফেশনাল বডিজ ইউনাইটেড” শীর্ষক প্যানেল আলোচনায় আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, আইসিএসবি এবং আইআইএবি-এর শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। “উইমেন লিডিং ইন সার্ভিস অ্যান্ড প্র্যাকটিস” শীর্ষক প্যানেল আলোচনায় ব্যাংকিং খাত, বহুজাতিক প্রতিষ্ঠান এবং পেশাগত সেবাখাতের সফল নারীরা অংশ নেন। জেরীন মাহমুদ হোসেন এফসিএ-এর সঞ্চালনায় “উইমেন ইন বোর্ডরুমস” শীর্ষক প্যানেল আরেকটি প্যানেল আলোচনায় বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
“ইনস্পায়ার টু অ্যাসপায়ার” শীর্ষক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের প্রথম নারী বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশী নারী নিশাত মজুমদার। এছাড়া আইসিএবি অ্যাসেন্ড মেন্টরশিপ প্রোগ্রামের মেন্টর ও মেন্টিদের অবদান বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় এ সম্মেলনে।
সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। কৌশলগত অংশীদার হিসেবে ছিল এসিসিএ, আইসিএমএবি, আইসিএসবি এবং আইআইএবি। কারিগরি সহায়তা অংশীদার হিসেবে ছিল বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি। সম্মেলনে অংশগ্রহণকারীর করপোরেট নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরণে নারীর ভূমিকা জোরদারে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকার রাখার অঙ্গীকার করেন।