ভারতের পুশইন (জোরপূর্বক সীমান্ত পারাপার) দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারতের এ ধরনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে এবং পুশইন বন্ধে ভারত সরকারকে ইতিমধ্যে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, "অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত দেওয়ার একটি নির্দিষ্ট আন্তর্জাতিক প্রক্রিয়া রয়েছে। ভারতকে অবশ্যই সেই নিয়ম মেনে কাজ করতে হবে।"
সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে শিশু ও নারীসহ বিভিন্ন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ঠেকাতে সম্প্রতি দেশের ২৬টি সীমান্ত জেলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন এবং সীমান্তের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণও তাদের এই কাজে সহযোগিতা করছেন।
এদিকে, আজ সোমবার (৮ জুন) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে।
বিজিবি সূত্রে জানা গেছে, চার দিনব্যাপী এই সম্মেলনে অবৈধ পুশইন বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।