ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৪ জন।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ মিন্ডানাওয়ের উপকূলীয় শহর জেনারেল সান্তোস সিটির কাছাকাছি সমুদ্র এলাকায়।
ফিলিপাইনের পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় এর প্রভাব ব্যাপকভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ অঞ্চলের কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করে। তবে পরিস্থিতি মূল্যায়নের পর অধিকাংশ সতর্কতা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র এক বিবৃতিতে বলেন, তিনি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে সবাইকে উঁচু স্থানে সরে যেতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন স্থানে ভবন, সড়ক ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।