Corporate Sangbad
আইন-আদালত

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন ·

দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এই আবেদন করেন।

মামলার আবেদনে নাম থাকা অন্য তিনজন হলেন- সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর।

আবেদনে যা বলা হয়েছে:
টিকা আমদানি বন্ধের অভিযোগ: বাদী মজিবুর রহমান ইকবাল তার আবেদনে অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলার টিকা আমদানি বন্ধ করে দেন। এই সিদ্ধান্তে স্বাস্থ্য উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুমৃত্যুর দাবি: বাদীর দাবি, টিকা আমদানি বন্ধ থাকার কারণে দেশের হাজার হাজার শিশু হাম ও রুবেলার প্রতিষেধক টিকা নেওয়া থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে দেশজুড়ে ৫০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেন।

আবেদনে আরও বলা হয়, সামগ্রিকভাবে এই শিশুমৃত্যুর দায় বর্তমান সরকারের ওপর বর্তালেও এর প্রকৃত দায় ড. ইউনূস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে দেশের শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বলে বাদী দাবি করেন।