Corporate Sangbad
শেয়ারবাজার

৩ কোম্পানিকে একীভূত করার অনুমোদন ডরিন পাওয়ারের

প্রকাশিত: ৭ জুন, ২০২৬, ৬:২০ অপরাহ্ন ·

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ‘ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড’ (DPGSL)-এর পরিচালনা পর্ষদ তাদের ৩টি সহযোগী বা সাবসিডিয়ারি কোম্পানিকে মূল কোম্পানির সাথে একীভূত (Merger) করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৭ জুন) অনুষ্ঠিত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় অধিগ্রহন সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

যে তিনটি সাবসিডিয়ারি কোম্পানিকে ডরিন পাওয়ারের সাথে একীভূত করা হচ্ছে সেগুলো হলো—
১. চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড (CPGL)
২. ঢাকা নর্দান পাওয়ার জেনারেশনস লিমিটেড (DNPGL) ও
৩. ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড (DSPGL)

কোম্পানি আইনের ১৯৯৪-এর সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, এই একীভূতকরণ প্রক্রিয়াটি সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সংখ্যালঘু (Minority) শেয়ারহোল্ডারদের নগদ অর্থ প্রদানের (Cash Consideration) মাধ্যমে সম্পন্ন করা হবে। এর জন্য কোনো নতুন শেয়ার বিনিময় বা ইস্যু করা হবে না। ফলে ডরিন পাওয়ারের বর্তমান শেয়ারহোল্ডিং কাঠামো সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে।

ডরিন পাওয়ার কর্তৃপক্ষ জানায়, সমস্ত পরিচালন সম্পদ এবং কার্যক্রমকে একটি একক সত্তার অধীনে এনে আরও দক্ষ ও টেকসই ব্যবসায়িক কাঠামো তৈরি করাই এই একীভূতকরণের মূল লক্ষ্য। এর ফলে কোম্পানির পরিচালন দক্ষতা বৃদ্ধি পাবে, ব্যবস্থাপনার তদারকি জোরদার হবে এবং প্রশাসনিক ও কমপ্লায়েন্স খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সাথে এটি কোম্পানির বর্তমান শেয়ার কাঠামোতে কোনো প্রভাব না ফেলেই দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে।

ডরিন পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়াটি চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার ও পাওনাদারদের (Creditors) সম্মতি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) প্রয়োজনীয় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন (স্যানকশন) গ্রহণ করতে হবে।

কোম্পানির সচিব মোহাম্মদ আবির ইসলাম (FCS) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি সমস্ত শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে এবং এটি কোম্পানির ওয়েবসাইটেও পাওয়া যাবে।