Corporate Sangbad
কর্পোরেট সংবাদ

দেশব্যাপী ৭৮৪ জেলের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তার উদ্বোধন

প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন ·

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় মাছ ধরা বন্ধকালীন সময়ে দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে ৭৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ কার্যক্রমের আওতায় ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মাঝে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

বুধবার (৩ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান কক্সবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং দেশের মানুষের কল্যাণে নিবেদিত একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা প্রদান ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের প্রান্তিক ও কর্মজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমাদের ব্যাংক সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম, চট্টগ্রাম রিজিওনাল হেড আনম ফয়সাল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম। এছাড়া অনুষ্ঠানে জেলে পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ কার্যক্রমের আওতায় ব্যাংকের হাতিয়া শাখার মাধ্যমে ১৪৬ জন, শরণখোলা শাখার মাধ্যমে ১২৫ জন, আলিপুর শাখার মাধ্যমে ১০০ জন, মঠবাড়িয়া শাখার মাধ্যমে ১০৯ জন, বানরীপাড়া শাখার মাধ্যমে ৫৮ জন এবং পাথরঘাটা শাখার মাধ্যমে ৬৫ জন জেলের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।