‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন তিনি।
একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২১ মে)।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
সংশ্লিষ্টরা জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন।
বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, সোমবার (১৮ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছিলেন, এই মেলার মাধ্যমে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই অবস্থা বদলাতে চায়।
ভূমিসেবা মেলার উদ্দেশ্যসমূহের মধ্যে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে নাগরিকদের ভূমিসেবা প্রাপ্তির বিষয়ে ধারণা দেওয়া, মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অটোমেটেড ভূমিসেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করা, ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।