অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বিজিবি'র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে হালুয়াঘাট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
শনিবার (১৬ মে) সকাল ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্ত এলাকার মেইন পিলার ১১২০ এর কাছে ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১০ জনকে তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার এসব ব্যক্তি পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। সেখানে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
হস্তান্তরকৃতরা হলেন—মোঃ মুক্তার হোসেন (৪৫), মোঃ শাহজামাল হক (৩১), মোঃ আনিছুর রহমান (৩৩), মোঃ কামাল হোসেন (২০), শ্রী সিপেন (৪০), মোঃ ইব্রাহিম আলী (৪৬), মোঃ নওশাদ আলী (২২), মোঃ আকবর আলী (৩১), মোঃ জহিরুল ইসলাম (৪৬) ও মোঃ শাকিম উদ্দিন (৩৮)। এরা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় তারা বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নাম-ঠিকানা যাচাই-বাছাই ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়। এজাহারটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ই-কোম্পানি, তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’