Corporate Sangbad
সারাদেশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ৭:২১ অপরাহ্ন ·

পটুয়াখালী  প্রতিনিধি: সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।

এ উপলক্ষে ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী। 

সভাশেষে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লিকে আহবায়ক ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মহিপুর থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান, কুয়াকাটা শাখার সভাপতি আবদুল হালিম বেপারী, কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী, হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাশেল খান, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, কুয়াকাটা পর্যটন নগরীর উন্নয়নে, গতিশীলতা ফিরিয়ে আনা, পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন সমুদ্র সৈকত গড়ে তোলা  সহ পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তুলতে হলে কুয়াকাটাবাসীকে এগিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে কুয়াকাটার উন্নয়নে সকলকে কাজ করতে হবে। আর এই ঐক্যবদ্ধ কাজ করার এজন্য আমাদের কুয়াকাটা উন্নয়ন ফোরাম গঠন করা।

এ সময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৮ সালে কুয়াকাটা পর্যটনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ২০১০ সালে কুয়াকাটাকে পৌরসভা করা হয়েছে। কিছু অভ্যন্তরীণ সড়কের উন্নয়ন হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া দৃশ্যমান তেমন কোন উন্নয়ন আমাদের চোখে পরেনি। 

কুয়াকাটাকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে পর্যটন করপোরেশন কিংবা জেলা প্রশাসনের তরফ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। ক্রমেই কুয়াকাটা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে।  বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে চিন্তিত হয়ে পরেছে।  

তারা আরো বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গন রোধে একাধিকবার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হলেও এক যুগেও তা আলোর মুখ দেখেনি। এসব অসঙ্গতি দুর করে কুয়াকাটার উন্নয়নে আমরা কুয়াকাটাবাসী সকল মত ও ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যে আমরা এই সংগঠন করেছি। 

আগামীতে কুয়াকাটার উন্নয়নে সরকারকে নবগঠিত “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” সহযোগিতা করবে বলে জানান তারা।