আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা আর খাসিতে ৩ টাকা বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে প্রতিবর্গফুটে ৬২-৬৭ টাকা আর ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বছর গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০-৬৫, ঢাকার বাইরে ছিল ৫৫-৬০ টাকা। আগের চেয়ে প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে।
এ ছাড়া সারা দেশে খাঁসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং ২০ থেকে ২২ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় ১ কোটি পশু কোরবানি দেয়া হয়। যেখান থেকে সংগ্রহ করা চামড়া দেশীয় শিল্পে ব্যবহৃত হয়। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য ওয়েটব্লু চামড়া রফতানির সিদ্ধান্তও নেয়া হতে পারে। তবে সে সিদ্ধান্ত পরে জানাবে সরকার।
তিনি আরও বলেন, ‘কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, এজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেয়া হবে। সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেইসঙ্গে মাদ্রাসায়ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।’
প্রশিক্ষণ দিতে এবং লবণ সরবরাহে সরকারের খরচ ২০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমন্বিত উদ্যোগে চামড়া শিল্পকে এগিয়ে নেয়া হবে।