Corporate Sangbad
খেলাধুলা

বিনামূল্যে খেলা দেখতে পারবে শিক্ষার্থী ও একাডেমির প্রশিক্ষণার্থীরা

প্রকাশিত: ৬ মে, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন ·

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বিনামূল্যে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে শিক্ষার্থী এবং ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা। 

মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে স্ট্যান্ড ও গ্যালারি থেকে তরুণ ক্রিকেটপ্রেমীদের টেস্ট ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ প্রদান করা হবে।

বিসিবি আরও জানায়, ‘নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত স্ট্যান্ড ও গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।’

এই সুবিধা বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

আগামী ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।