Corporate Sangbad
আন্তর্জাতিক

বিজেপির শুভেন্দুর কাছে হেরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত: ৫ মে, ২০২৬, ১:০৫ অপরাহ্ন ·

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মমতার চেয়ে শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শুভেন্দু অধিকারী ৭৩ হাজার ৯১৭ ভোট পেয়েছেন। বিপরীতে মমতা পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। তবে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে সেবার শুভেন্দুকে পরাজিত করেছিলেন তিনি।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় কর্মী-সমর্থকেরা বিজয় উদযাপনে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভবানীপুরকে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। তবে এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলে দিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।